
রংপুর অফিস:
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে রংপুরের ৮০ জন ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন। নিয়োগের জন্য রংপুর জেলার ৮০টি আসনের বিপরীতে প্রায় দুই হাজার ৮০০ প্রার্থী অনলাইনে আবেদন করেন।
এবারের নিয়োগ পরীক্ষা ৩টি ধাপে অনুষ্ঠিত হয়। আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীরা প্রথম ধাপে গত ১২ থেকে ১৪ মার্চ শারীরিক যোগ্যতা যাচাই ও মাঠ পরীক্ষায় অংশ নেন।
সেখান থেকে ৬৭৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ধাপে গত ২০ মার্চ লিখিত পরীক্ষায় অংশ নেন। সেখান থেকে পুলিশ হেডকোয়ার্টারে লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়নের পর ২৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হন।
পরবর্তীতে তৃতীয় ও চূড়ান্ত ধাপে গত ২৯ মার্চ ২৫৯ জন প্রার্থীর মধ্য থেকে মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষার মাধ্যমে সার্বিক মূল্যায়নে সাধারণ ও বিভিন্ন কোটায় ৮০ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। এ সময় নিয়োগ কমিটির সদস্য ও রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত প্রার্থী ও অভিভাবকরা যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় নির্বাচিত প্রার্থীরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন।
একজন চাকুরী প্রার্থী বলেন, আমার বাবা গরীব কৃষক। অনেকেই বলেছিলেন টাকা ছাড়া চাকরি হবে না, কিন্তু আমি হাল ছাড়িনি। বাংলাদেশ পুলিশ মাত্র ১২০ টাকায় চাকরি দেওয়ায় আমার মতো গরীব কৃষকের ছেলের চাকরি হয়েছে। এসময় সেখানে উপস্থিত তার মা-বাবাও ছেলের চাকরির আনন্দে কেঁদে ফেলেন।
বাদ পড়া প্রার্থীদের একজন বলেন, ভাইভায় না টিকে খারাপ লাগছে। কিন্তু যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, তাতে আর আক্ষেপ নেই। এভাবেই যদি সব চাকরির নিয়োগ হয় তবে প্রার্থীদের আর দালাল বা প্রতারকদের খপ্পরে পড়তে হবে না।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.