
নিউজ ডেস্ক:
রংপুরের ৩৭ জন বীরাঙ্গনাকে সম্মাননা প্রদান করেছে সাহিত্য-সংস্কৃতি, সামাজিক সংগঠন ‘ফিরে দেখার’। আমেরিকা প্রবাসী কবি সিনথিয়া খানের প্রধান পৃষ্ঠপোষকতায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (০৮ জানুয়ারি) এ সম্মাননা দেওয়া হয়।
জানা যায়, এই ৩৭ বীরাঙ্গনার মধ্যে ১৫ জন ২০১৭ সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে। অনুষ্ঠানে সম্মাননা, সামান্য অর্থ আর শীতের পোশাক উপহার দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ গবেষক ফিরোজা বেগম বলেন, ব্যক্তিগত দায় থেকে চেষ্টা করেছি এই বীর নারীদের স্বীকৃতি আদায় করে দিতে। কাউকে পেরেছি আবার অনেককে পারিনি। এটা আমার দুর্ভাগ্য, আমাদের দেশেরও দুর্ভাগ্য।
আয়োজক সংগঠন ‘ফিরে দেখা’র সাধারণ সম্পাদক মাসুদ রানা সাকিল বলেন, প্রথমবারের মতো খুব সামান্য আয়োজনের মধ্যে সম্মাননা জানাতে পেরে আমরা খুব খুশি হতে পারিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে আমরা বীরাঙ্গনাদের জন্য কাজ করতে চাই।
প্রবাসী কবি সিনথিয়া খানের ‘প্রজাপতি মন’ কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থে বীরাঙ্গনাদের জন্য এই আয়োজন করেছিল সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘ফিরে দেখা’।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.