
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে ৩ নারীসহ ছয়জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে আসা রোগী ও সেবাগ্রহীতাদের কাঙ্খিত সেবা নিশ্চিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসন।
গ্রেফতারকৃতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আজগর আলীর মেয়ে জেসমিন আক্তার, নগরীর খটখটিয়া দোলাপাড়ার মোহসীন আলীর মেয়ে জেসমিন বেগম, ধাপ হাজীপাড়ার হাসেন আলীর ছেলে আতাউর রহমান আতা, নীলফামারীর দরবেশপাড়ার মতিয়ার রহমানের মেয়ে রুনা আক্তার, মিঠাপুকুরের পশ্চিম বড়বালা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও গঙ্গাচড়ার খানাটারির নুর ইসলামের ছেলে শাকির হোসেন।
রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেওয়ান আসিফ পেলে জানান, দুই নারীকে ১৫ দিন, আতাউর রহমান আতাকে ১ মাস ও শাকির হোসেনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও হাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা ও রুনা আক্তার নামে একজনকে ৫০ হাজার টাকার মুচলেকা দণ্ডের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে কেউ দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত না হয় সেজন্য এ অভিযান। হাসপাতালের পরিবেশ ঠিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে শাস্তির আওতায় আনা হয়। এ স্বাস্থ্যসেবা খাতকে জনসাধারণের জন্য নির্বিঘ্ন করতে অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.