
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল শনিবার। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আঞ্চলিক নির্বাচন কমিশনার। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
পুরো নির্বাচনী এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে ঘুরছেন র্যাবের ২৪টি ইউনিট। এছাড়াও পুলিশ-আনসার সদস্য থাকবে ৩ হাজার। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে গড়ে তোলা হয়েছে ৪ স্তরের নিরাপত্তা বলয়।
অন্যদিকে এই উপ-নির্বাচনে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ১৮ জন। এছাড়া মাঠে থাকবে স্থানীয় ও জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষক টিম।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন শুক্রবার বিকেলে এ সব তথ্য নিশ্চিত করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : রংপুর-৩ আসনের উপ-নির্বাচন: সব প্রস্তুতি সম্পন্ন
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। কেউ বিশৃংখলার চেষ্টা করলে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল শনিবার ভোটগ্রহণ হবে।
রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন নারী ভোটার।
উপ-নির্বাচনে ৬ প্রার্থীর ৪ প্রার্থীই ভোট দিতে পারবেন না
রংপুর-৩ শূন্য আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর ৪ জনই নির্বাচনী এলাকার ভোটার নয়। এ কারণে তারা ভোটও দিতে পারবেন না। রংপুরের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিনের কাছে প্রার্থীদের জমা দেয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত হতে ছয় প্রার্থীদের সঙ্গে মোবাইলফোনে কথা হলে তাদের তিনজন নির্বাচনী আসন রংপুর-৩ এর ভোটার নয় বলে জানিয়েছেন।
এদিকে বাবার আসন ধরে রাখতে মরিয়া এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ। স্থানীয় ভোটার না হওয়ায় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন না। এছাড়াও ভোট দিতে পারবেন না বিএনপি প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ও এনপিপির শফিউল আলম (আম)।
তবে নির্বাচনী এলাকার ভোটার হিসেবে এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি-কার) ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেওয়াল ঘড়ি) ভোট দিতে পারবেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.