
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) করোনাভাইরাস শনাক্তকরণে বসানো হচ্ছে পিসিআর মেশিন। আগামী বৃহস্পতিবার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে। একদিনে পরীক্ষা করা যাবে অন্তত ৯৬টি নমুনা।
রমেকের অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু এতথ্য নিশ্চিত করে জানান, কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগে করোনা নমুনা পরীক্ষার ল্যাব নির্মাণের কাজ চলছে। দিন-রাতের পরিশ্রমে বসানো হচ্ছে পিসিআর মেশিন।
দুই-একদিনের মধ্যে অবকাঠামো ও পিসিআর মেশিন স্থাপনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদার আকবর আলি। তিনি বলেন, মেশিন স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি এসেছে। চার-পাঁচ দিন ধরে একটানা কাজ করা হচ্ছে।
অন্যদিকে গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী মিন্টু রায় বলেন, ঢাকা থেকে যে দলটি আসছে, তাদের সহযোগিতায় দ্রুত গতিতে কাজ সম্পন্ন করতে চেষ্টা করা হচ্ছে। আশা করছি দুইদিনের মধ্যে মেশিন স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন হবে। রংপুরে গিয়ে মেডিকেল টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দিবে ঢাকার একটি প্রশিক্ষক দল।
অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান জানান, কিছুটা ট্রেনিং প্রয়োজন রয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় এই মূহুর্তে ঢাকায় গিয়ে ট্রেনিং নিয়ে আসা সম্ভব নয়। একারণে ঢাকা থেকে একটি প্রশিক্ষক দল রংপুর আসছে। তারা প্রশিক্ষণ দেয়ার পরও কাজ শুরু হবে।
এদিকে রমেক অধ্যক্ষ একেএম নুরুন্নবী লাইজু বলেন, আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে পূর্ণাঙ্গভাবে ল্যাবরেটরির কাজ এবং নমুনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে। পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘন্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব।
রংপুর বিভাগের আট জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা করা এই পিসিআর মেশিনে। এতোদিন এই মেশিন না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করা হতো।
সূত্র: উত্তরবাংলা।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.