
নিউজ ডেস্ক:
রংপুরে দুই চিকিৎসক ও নার্স-ব্রাদারসহ নতুন করে আরো ছয়জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও দিনাজপুর জেলার ৬ জনের নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ (কোভিট-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, গত ২ এপ্রিল হতে ২৮ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত ২৫ ধাপে ২৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আজকের ছয় জনসহ এখন পর্যন্ত ১০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে ইতিপূর্বে রংপুর বিভাগের আরো ৬ জনের করোনা শনাক্ত করা হয়।
উল্লেখ্য, এদিকে আজকের ৪ জনসহ রংপুর জেলায় ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই জন। বাকিদের মধ্যে আট জনকে রংপুর ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.