
রংপুর অফিস:
গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রসমাজ। শুক্রবার নগরীর প্রেসক্লাব এলাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন লিখিত বক্তব্যে জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার বিষয়টি লিখিত আকারে না থাকলেও ১৯৬৪ সাল থেকে চলমান আছে। রাজধানী ঢাকার ২৬৪ রুটে প্রায় আট হাজার বাস যাতায়াত করে। কয়েকটিটি বাস ছাড়া বাকী গণপরিবহনগুলো শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক রাখার বিষয়টি মানতে নারাজ।
তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থীদের পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় বিভিন্নভাবে শিক্ষার্থীদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। অনেক শিক্ষার্থী টিউশনি করে পড়ালেখার ব্যয়ভার বহন করত। কিন্তু করোনা পরিস্থিতিতে টিউশনি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়েছে। এ অবস্থায় জ্বালানী তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা দেখিয়ে বাস ভাড়া বৃদ্ধি করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। গত কয়েকদিন আগে কয়েকজন শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া ও হয়রানির করার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জাতীয় ছাত্র সামজ শিক্ষার্থীদের সঙ্গে গণপরিবহন কর্তৃপক্ষের এমন আচারনের তীব্র নিন্দা জ্ঞাপন করছে বলে জানান তিনি।
তিনি সরকারের কাছে সারাদেশে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও রংপুর জেলার আহবায়ক আরিফুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আজিজ ড্যানি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাধারণ সম্পাদক আশিকুরজ্জামান আসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক একেএম মুসফিকুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.