
রংপুর অফিস:
রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, লেখক, সাহিত্যিক, ও গুণীশিক্ষক অধ্যাপক মুহম্মদ আলিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল তিন টায় রংপুর নগরীর হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন নুরপুর ছোট কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে বাদ যোহর জেএনসি নুরপুর জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এসময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মুহম্মদ আলিম উদ্দিন গতকাল বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে সন্তান, নাতি-নাতনি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে গত ৮ আগস্ট তাকে করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়।
মুহম্মদ আলীম উদ্দীন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য অর্জন করেছেন ২০০০ সালে শ্রেষ্ঠ শিক্ষকের সম্মান। রংপুর প্রেসক্লাবের চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পদক, শিক্ষাবিদ হিসেবে তার অন্যান্য প্রাপ্তি রয়েছে। তিনি রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার অর্জনের তালিকায় রয়েছে নাগরিক নাট্যগোষ্ঠী-২০০১, ছন্দসিক ২০০২ ও জলুবার ২০০২ সাহিত্য পদক, নিখিল ভারত বঙ্গসাহিত্য সম্মেলন পদক ২০০৪, সাধক কবি হেয়াত মামুদ পদক ২০০৬, শ্রেষ্ঠ বেতার ব্যক্তিত্ব পদক ২০০৮, সরকারি কর্মচারী পরিষদ পত্রিকা কর্তৃক শ্রেষ্ঠ রম্য রচনা পদক ২০০৬, রংপুর পৌরসভা কর্তৃক শিক্ষাবিদ পদক ২০০৯ এবং শিক্ষাবিদ পদক ২০১১, একুশে বইমেলা সম্মাননা স্মারক ২০১০, খেরাজ আলী স্মৃতি পদক ২০১৭, সম্মিলিত লেখক সমাজ কর্তৃক গুণীজন সম্মাননা ২০১৭, ক্রাউন সিমেন্ট গুণীজন সংবর্ধনা ২০১৬, নিউইয়র্ক প্রবাসী শিক্ষার্থী কর্তৃক গুণীজন সম্মাননা ২০১৭ সহ আরও অনেক সম্মাননা।
মুহম্মদ আব্দুল আলিম উদ্দীনের জীবনী বাংলা একাডেমি লেখক অভিধানের অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। অবসর জীবনে তিনি লেখালেখিতে নিবেদিত ছিলেন। তার লেখা সাহিত্য, কাব্য, প্রবন্ধ ও ছড়ার অনেক বই রয়েছে। তিনি গবেষণাধর্মী লেখক ছিলেন। মুহম্মদ আলীম উদ্দীনের জন্ম রংপুরের বদরগঞ্জ উপজেলার বারোবিঘা গ্রামে। তাঁর বাবা মরহুম মজেতুল্লহ, মা মরহুমা আজিমুন্নেছা।
বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুতে রংপুরের সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। মুহম্মদ আব্দুল আলিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
এম২৪নিউজ/আখতার