
নিউজ ডেস্ক:
রংপুুুর জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চারটি সড়কে আলপনার রঙে রঙিন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুর ১ টা থেকে নগরের বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভি উদ্যান সড়ক, টাউন হল চত্বর সড়ক এবং স্টেডিয়াম সড়কে একযোগে আলপনার রঙে আঁকা আঁকি শুরু হচ্ছে।
মঙ্গলবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে রংপুুুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের আয়োজন ও 'উই ফর দেম' এর ব্যবস্থাপনায় "রঙিন হবে রংপুর" কার্যক্রমে প্রায় শতাধিক চারুশিল্পী ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে। মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে এই আলপনা উৎসব করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
ঢাকা পোস্টকে তিনি বলেন, মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রংপুর নগরের গুরুত্বপূর্ণ চারটি সড়কে আলপনা অঙ্কিত হবে। এজন্য প্রাথমিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত সড়কগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এনিয়ে চারুশিল্পী ও স্বেচ্ছাসেবীরা সন্ধ্যায় তাদের প্রস্তুতি সভা করেছেন।
আলপনা উৎসবের ব্যবস্থাপনায় থাকা স্বেচ্ছাসেবী সংগঠন 'উই ফর দেম' এর প্রতিষ্ঠাতা জীবন ঘোষ ঢাকা পোস্টকে বলেন, আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। আমরা আলপনার রঙে মহান মুক্তিযুদ্ধের আবেগ, স্মৃতি ও শোককে ফুটিয়ে তুলতে চাই। নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্বতার গল্পকে জানাতে চাই।
জীবন ঘোষ আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আলপনা উৎসব করা হবে ৷ এই কার্যক্রমে রংপুুুর চারুকলা একাডেমির ২৭ জন এবং উই ফর দেম এর ৬০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে। গুরুত্বপূর্ণ চারটি সড়কের প্রত্যেক অংশে লম্বায় ১২০ ফুট এবং প্রস্থ ১৫ ফুট করে আলপনা করা হবে।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, এরআগেও রংপুরে আলপনা উৎসব করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে এবার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আলপনার রঙে রঙিন করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.