
নিউজ ডেস্ক:
বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসলেও শিক্ষকরা নিয়মিত ক্লাস না নেয়ায় লালমনিরহাটের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে।
এছাড়া বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত না হওয়ার অপরাধে ওই দুই বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
বৃহস্পতিবার লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ওই দুই বিদ্যালয়ের ১০ শিক্ষককে সাত কর্ম দিবসের মধ্যে শোকজের জবাব চেয়ে এ নোটিশ দেয়।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউপির চর খাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর কুলাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিক্ষকই যথাসময় বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। এ সংক্রান্ত একটি অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দেয় অভিভাবকরা। পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম অভিযোগের সত্যতা পেয়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে শোকজ ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। এর আগে জেলা শিক্ষা অফিসার গোলাম নবী ওই দুই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে কারণ দর্শানোর জবাব চেয়েছিলেন।
লালমনিনরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আনোয়ারুল ইসলাম জানান, তদন্তের দায়িত্ব দেয়ার পরপরই ওই ১০ শিক্ষককে শোকজ নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও নোটিশের জবাবের পর তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.