লালমনিরহাটে লকডাউন বাড়িতে জ্বর-শ্বাসকষ্টে ১০ মাসের শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:

লালমনিরহাট জেলা শহরের বানভাসা মোড় এলাকায় মঙ্গলবার লকডাউন বাড়িতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির নানা জিল্লুর রহমান জানান, নারায়নগঞ্জ থেকে কয়েকদিন আগে কয়েকজন মেহমান তার বাড়িতে আসলে স্থানীয় পৌর কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল বাড়িটি লকডাউন করে দেন। ঢাকার আত্মীয়রা চলে গেলেও তার মেয়ে, মেয়ে জামাই ও দশ মাস বয়সী নাতনী তার বাড়িতে থেকে যায়। জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল। কয়েকদিন থেকে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে। কিন্তু বাড়িটি লকডাউন থাকায় সময় মতো হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। শিশুটিকে হাসপাতালে নেয়ার জন্য লকডাউন ঘোষনা করা ওই কাউন্সিলরকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি। 

এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোকলেছুর রহমান মুকুল তাকে ফোন দেয়ার কথা অস্বীকার করে জানান, তাকে এ বিষয়ে কেউ ফোন দেননি। উল্টো তিনিই মঙ্গলবার পরিবারটির খোঁজ নিতে গিয়ে জানতে পারেন শিশুটি বেশি অসুস্থ্য হয়ে পড়েছে। তাই তিনি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে শিশুটিকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করলে পথেই শিশুটির মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঢাকা থেকে কিছু লোক ওই বাড়িতে আসার কারনে এলাকা এবং এলাকার জনগনের স্বার্থে বাড়িটি লকডাউন রাখা হয়েছিল। বিষয়টি প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগও অবগত আছেন। 

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।