
নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারছি না। এটা খুবই দুঃখজনক। আইনটি পরিবর্তন হওয়া জরুরি।
শনিবার ধানমন্ডির বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে তিনি এ দাবি জানান। সিটি নির্বাচনে ১৪ দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নাসিম বলেন, ইসির আইন অনুযায়ী এমপি মন্ত্রীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু অন্য দিকে বিএনপির বড় বড় নেতারা তাদের সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইতে ও নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারছেন। আর আওয়ামী লীগের এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবে না। তাই আমি বলবো কমিশন থেকে যে আইন করা হয়েছে সেটা পরিবর্তন করা উচিত।
১৪ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য নাসিম বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইতে ও প্রচারণায় অংশ নিতে। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে পরাজিত করে স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে ১৪ দলের পক্ষে থেকে দক্ষিণে সমন্বয় করবেন দিলিপ বড়ুয়া। আর উত্তরে শেখ শহিদুল ইসলাম। তারা বলেন, এ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই। দেশের মানুষ কখনো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সঙ্গে থাকবে না।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.