
অনলাইন ডেস্ক:
জনগণের আস্থা ও ভালোবাসায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টিকে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ক্ষমতা দেয়ার মালিক সৃষ্টিকর্তা। দেশের জনগণ সরকার নির্বাচিত করেন। আর জনগণের আস্থা ও ভালোবাসায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার টিকে আছে। কারণ সরকার পরিচালনাকে শেখ হাসিনা জন ও দেশসেবার পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কাছে ক্ষমতা মানে জন ও দেশসেবার পবিত্র দায়িত্ব। প্রকারান্তরে বিএনপির কাছে ক্ষমতা মানে দেশ ও জনগণের সম্পদ লুণ্ঠন। বিএনপির কাছে ক্ষমতা ভোগের বস্তু। তাদের আমলে ভোগের পেয়ালা উপচে পড়েছিল।
তিনি আরো বলেন, বিএনপির আন্দোলনের রঙ-রূপ এদেশের মানুষের অজানা নয়। কোনো উপযুক্ত ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে।
বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের নেত্রী খালেদা জিয়া বলেছিলেন ‘পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর’। তাই দেশের বর্তমান সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না।
নির্বাচনে জনগণের রায় মেনে নেয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের ওপর ক্ষুব্ধ। বিএনপির আন্দোলনের মৌসুমি হাঁকডাক নেতাদের ওপর কর্মীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা মাত্র।
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তুনিষ্ঠতা থাকলে আইন কোনো বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ রোধে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কঠোর নির্দেশনা দিয়েছে।
বিএনপিকে গুজব পার্টি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলের চরিত্র হারিয়ে বিএনপি এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে। গুজব এবং অপপ্রচারই দলটির একমাত্র ভরসা। সেজন্যই বিএনপি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরোধিতা করছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.