নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার যখন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন খুব হাসি পায়। আজকে ক্যাসিনো ব্যবসার মূল হোতারা কই। ছাত্রদের টাকা ভাগ বাটোয়ারার বিচার কই। বুয়েটের শিক্ষার্থী আবরারকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হলো। চিন্তা করতে পারেন?
তিনি সোমবার দুপুরে মির্জা রুহুল আমীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পেরিয়ে গেলেও আজও আমাকে চিন্তা করতে হয় আমার অধিকার কোথায়? আমার সুশাসন কোথায়, আমার সুন্দর সমাজ কোথায়? আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণই এর একমাত্র কারণ। তারা গণতন্ত্রে, মানুষের অধিকার ও সুশাসনে বিশ্বাস করে না। তাদের শাসন ব্যবস্থাটাই এমন।
দেশের প্রধান তিনটি নদী পদ্মা, মেঘনা ও যমুনা নদীর বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, নদীগুলোর অবস্থা দেখেছেন? ভারত বাংলাদেশের মিত্র রাষ্ট্র। কিন্তু আজ পর্যন্ত কি তিস্তা চুক্তির বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ কি পানির ন্যয্য হিস্যা পেয়েছে। এ ব্যাপারে কোন অগ্রগতি বর্তমান সরকার করতে পারেনি।
মির্জা ফখরুল বলেন, এ সরকার নতজানু সরকার। আর নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে কোন দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না। যেখানে সরকার নিজেই ভক্ষক এবং তার এজেন্সিগুলো ভক্ষকের ভূমিকা পালন করছে, সেখানে আর কার কাছে যাবেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.