নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করে আসছেন বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, তারা ছাত্র রাজনীতির বিপক্ষে নন, বুয়েটে যে নির্দিষ্ট সংগঠন ভিত্তিক শিক্ষার্থী নির্যাতনের নষ্ট রাজনীতি চলছে তা বন্ধ করতে হবে। বুয়েটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কথা বলেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যমে এবং সাধারণ জনগণের মধ্যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। আমরা আসলে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে নই। দেশের ইতিহাসে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল এবং আমাদের দেশে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। কিন্তু আজ বুয়েটে যে নষ্ট ছাত্র রাজনীতি চালু রয়েছে, যার জন্য আসলে আমরা বেঁচে থাকতে পারছি না, হলের প্রতিটি ছেলে-মেয়ে ত্রাসের মধ্যে থাকে, আমাদের এ আন্দোলন তাদের বিরুদ্ধে।
আরো পড়ুন: আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তোহা গ্রেফতার
শিক্ষার্থীরা বলেন, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি আমাদের আন্দোলনকে ‘একনলেজ’ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিষ্ঠান যদি চায় সে ক্ষেত্রে এটি (ছাত্র রাজনীতি) বন্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কেন্দ্রের কোনো প্রভাব থাকবে না। শুধু যেটি প্রয়োজন প্রশাসনের সৎসাহস। তাই আমরা আশা করব, এমন একটি বক্তব্যের পর আর আমাদের প্রশাসন পিছিয়ে থাকবে না। ভিসি স্যার আমাদের থেকে দূরে থাকবেন না। ভিসি স্যার আসবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেবেন।
উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খুন হন বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ। রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারাদেশ।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.