
নিউজ ডেস্ক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর হাজিরা খাতা টাঙিয়ে দিয়েছে শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের বৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। এতে দেখা যায়, উপাচার্য তার পূর্ণ মেয়াদে ১ হাজার ৪৪৭ দিনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২৪০ দিন।
বৃহস্পতিবার (৩ জুন) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ও শেখ রাসেল মিডিয়া চত্বরে ২টি বৃহৎ আকৃতির হাজিরা খাতা টাঙানো হয়।
হাজিরা খাতায় উল্লেখ করা হয়, উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহর নিয়োগ হয় ২০১৭ সালের ১ জুন এবং তার মেয়াদ পূর্ণ হয় ২০২১ সালের ৩১ মে। এতে চার বছরে উপাচার্য ১৪৪৭ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ২৪০ দিন। আর অনুপস্থিত ছিলেন ১২০৭ দিন।
অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা হাজিরা খাতার মাধ্যমে রাষ্ট্রকে তার অনিয়মের নমুনা দেখাতে চেষ্টা করেছি। রাষ্ট্র সব বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিস বন্ধের নির্দেশ দিয়েছে অথচ তিনি তা উপেক্ষা করে ঢাকার লিয়াজোঁ অফিস খোলা রেখে এখনো দুর্নীতি করে যাচ্ছেন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন, উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়টিকে যে ধ্বংসস্তূপে পরিণত করেছেন, তারই চিত্র এটি। শুধু উপাচার্য নন, তার সঙ্গে থেকে সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংসে সহযোগিতা করেছেন যারা, তাদেরও শাস্তি দাবি করছি। সূত্র: ঢাকাপোষ্ট
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.