
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় বিভাগের সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম জানান, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে বুধবার পর্যন্ত বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিক হলে আবারো পাঠদান চালু করা হবে।
মঙ্গলবার সকালে রংপুর বিভাগের আট জেলাতেই সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র শীতে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে-খাওয়া মানুষজন।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী বলা হয়েছে, ভোর ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের পত্র মোতাবেক ও রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত একাডেমিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম জানান, শীতের কারণে বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিদ্যালয় খোলা থাকবে। তাপমাত্রা বাড়লে বুধবারের পর থেকে বিদ্যালয় আবার স্বাভাবিক নিয়মে চলবে। শিক্ষকদের সবাইকে সজাগ থাকার জন্য বলা হয়েছে। আমরা শীতের মধ্যে শিশু শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রাখার নির্দেশ গুরুত্ব সহকারে দেখছি।
রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের আট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪ হাজার ৩৬৫টি। এছাড়া বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৩ হাজার ৯৪৬টি, মাদরাসা ১ হাজার ৫৩৮টি এবং এবতেদায়ী মাদরাসা ১ হাজার ৫৪৮টি রয়েছে।
আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুরে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৫, সৈয়দপুরে ৮ দশমিক ৬, লালমনিরহাটে ৮ দশমিক ১, ঠাকুরগাঁওয়ে ৮ দশমিক শূন্য, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ এবং গাইবান্ধায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.