
অনলাইন ডেস্ক:
নরসিংদী রায়পুরার বাঁশগাড়িতে নির্বাচনী সহিংসতায় আরো দুজন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ালো।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার চরাঞ্চলে বাশগাড়ি ইউনিয়নের বটতুলীগান্দী কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সালাউদ্দিন মিয়া, দুলাল মিয়া ও মো. জাহাঙ্গীর। এর মধ্যে সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগাড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রাতুল হাসান জাকিরের সমর্থক। আর দুলাল বর্তমান চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাঁশগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ জানান, ভোট শুরুর আগে ইউপির কেন্দ্রগুলো দখলের চেষ্টা করেন দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দা, টেঁটা নিয়ে তারা একে অপরের ওপর চড়াও হন। প্রতিপক্ষকে কোণঠাসা করতে গুলিও ছোড়া হয়। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন।
গুলিবিদ্ধদের মধ্যে সালাউদ্দিনকে সদর হাসপাতালে, জাহাঙ্গীরকে জেলা হাসপাতাল ও দুলালকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.