
নিউজ ডেস্ক:
ঘন কুয়াশা ও উত্তুরে হাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। মাত্রাতিরিক্ত হারে কমে আসছে তাপমাত্রাও। এ জেলায় আবারো তাপমাত্রা এক অংকে নেমে এসেছে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়।
বেশ কয়েকদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এখানে। তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। এখন দিনের বেলায় কখনো কখনো দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথ ঘাট। দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের উত্তাপ মিললেও বিকেল গড়াতেই তা কমে আসে।
সন্ধ্যা নামলেই উত্তুরে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা পড়তে থাকে। কমে আসে তাপমাত্রা। মাঝরাতে হাড়কাঁপা শীত অনুভূত হয়। শীতের কাঁপুনি থাকে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। তবে সূর্যের দেখা মিললে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা উত্তাপও বাড়ে।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে জেলার নিম্ন আয়ের মানুষের ভোগান্তিও বেড়েছে। সময়মতো কাজে যেতে পারছেন না তারা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
এদিকে, ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ২২ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তরে হিমালয় থেকে সরাসরি ঠাণ্ডা বাতাস পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হয়। তাই এখানে শীতের তীব্রতা একটু বেশি থাকে। তাপমাত্রা অনুযায়ী এখন পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তাপমাত্রা আরো কমে আসবে। ডিসেম্বরের শেষে বড় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.