
অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মো. মকবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তিনি মারা যান। তার ছেলে মজিবুল ইসলাম পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
পান্না জানান, তার পিতা করোনা নিয়ে তিনদিন আগে সিএমএইচে ভর্তি হন। করোনা সঙ্কটকালে তিনি বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় বসে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।
মকবুল হোসেনের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.