
অনলাইন ডেস্ক:
করোনার উপসর্গ নিয়ে স্বামী সাভারের নবীনগর থেকে বাড়ি ফেরায় ভয়ে সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গিয়েছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে।
জানা গেছে, প্রাগপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রেজাউল করিম স্ত্রী-সন্তান বাড়িতে রেখে সাভারের নবীনগরে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন। সেখানেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। বাড়িতেও তিনি এ খবর দেন। শরীরের অবস্থা অবনতি হওয়ায় তিনি বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নেন।
রেজাউল করোনার উপসর্গ নিয়ে শুক্রবার দুপুরে গ্রামের বাড়িতে এসে ওঠেন। তিনি করোনা নিয়ে উপস্থিত হওয়ায় আঁতকে ওঠেন বাড়ির লোকজন। ভয়ে রেজাউলের স্ত্রী তার পুত্র সন্তানকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। রাত পর্যন্ত তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
দুপুরের পর থেকে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনা গ্রামজুড়ে ভয়ার্ত আলোচনার জন্ম দেয়। গ্রামের মানুষজনের মাঝেও আতংক ছড়িয়ে পড়ে। তারা ও বাড়ি এড়িয়ে চলতে থাকেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ মেহেরপুর প্রতিদিনকে জানান, গ্রামের পক্ষ থেকে একজন মোবাইলে আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমরা উল্লেখিত রেজাউলের নমূনা সংগ্রহ করবো। তবে ওই পরিবারের সবাইকে আপাতত বাড়ির বাইরে না বেরানোর জন্য বলা হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।