
নিউজ ডেস্ক:
গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক এবং প্রকাশক দীপক কুমার পালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান।
তিনি জানান, আদালতের নির্দেশনা পেয়ে শুক্রবার ভোর রাতে গ্রেফতারি পরোয়ানায় গাইবান্ধা জেলা শহরের বারিধারা এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে তাকে গাইবান্ধায় আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।
কারাদণ্ডপ্রাপ্ত জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল গাইবান্ধা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদকের হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি শহরের পুরাতন বাজারের সার ও কীট নাশক ব্যবসায়ী। তিনি জেলা শহরের আদর্শ কলেজ সংলগ্ন (বারিধারা) এলাকার দেবেন্দ্র নাথ পালের ছেলে।
ওসি মাহফুজুর রহমান আরও জানান, ২০১৪ সালের একটি চেক ডিজওনার মামলায় সম্প্রতি ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত দীপক কুমার পালকে ৬ মাসের বছরের সাজা প্রদান ও সাত লাখ টাকা জরিমানা করেন। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর বেশি মামলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.