
অনলাইন ডেস্ক:
বিভ্রাটের কবলে পড়ে যে ছয় ঘণ্টা ফেসবুক বন্ধ ছিল, ঐ সময়ে পুঁজিবাজারে কোম্পানিটির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে ৬০০ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যেটার পরিমাণ ৫১ হাজার কোটি টাকা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ।
গত সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে বিভ্রাটের কবলে পড়ে ফেসবুক। কেবল ফেসবুক নয়, এ কোম্পানির মালিকানাধীন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সেবাও বন্ধ হয়ে যায়। এই বিভ্রাটের জন্য নিজেদের ভুলের কথা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক নিজেই এক ব্লগে জানিয়েছে, তাদের ভুলে বিভ্রাট ঘটেছিল। তবে এটি কোনো নাশকতা কি না সে ব্যাপারে কিছু বলা হয়নি। এই বিভ্রান্তির মূল কারণ ছিল ত্রুটিপূর্ণ কনফিগারেশন পরিবর্তন। কোন কর্মী এটা করেছেন সেটাও তারা বলেননি। এদিকে ফেসবুকের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।
মার্কিন টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাত্কারে তিনি অভিযোগ করেন, অনলাইনে ভুয়া তথ্যের প্রচারণা, মিথ্যাচার, সহিংসতা বন্ধে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করে আসছে ফেসবুক। কিন্তু প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা বলছে একদমই উলটো কথা। সমাজব্যবস্থার ওপর প্ল্যাটফরমটির বিরূপ প্রভাবের প্রমাণ উঠে এসেছে একাধিক সূত্র থেকে।
এ প্রসঙ্গে হাউগেন বলেন, আমরা এমন একটি তথ্যনির্ভর পারিপার্শিক অবস্থার মধ্যে আছি যেটা ক্ষোভ, বিদ্বেষ এবং মেরুকরণের কন্টেন্ট দিয়ে পূর্ণ, এটা আপনার নাগরিক বিশ্বাসকে ক্ষয় করতে থাকে, একে অন্যের ওপর বিশ্বাস নষ্ট করতে থাকে, আমাদের একে অন্যের যত্ন নেওয়ার ক্ষমতা কমাতে থাকে। ফেসবুকের যে সংস্করণটি এখন আছে সেটা আমাদের সমাজব্যবস্থাকে ছিড়ে ফেলছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে জাতিগত সহিংসতার জন্ম দিচ্ছে বলেও অভিযোগ করেন ফ্রান্সেস হাউগেন। সমীর কুমার দে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.