
অনলাইন ডেস্ক:
দীর্ঘদিন ভারতে কারাভোগের পর ১৯ বাংলাদেশিকে সিলেটের বিয়ানীবাজারের শেওলা শুল্ক বন্দর দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। হস্তান্তরের সময় ভারতীয় বিএসএফ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজার বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, দেশে প্রত্যাবর্তনকারীদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম জেলার ৪ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২জন, চট্টগ্রাম, কুমিল্লা, গাজীপুর, ঢাকা, চাঁদপুর, লালমনিরহাট, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নীলফামারী, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও ও বরিশালের একজন করে মোট ১৯ জন নারী-পুরুষ। এর মধ্যে ১৪জন পুরুষ ও ৫জন নারী রয়েছেন।
শেওলা চেকপোস্টের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, ‘ভারত থেকে সাজাভোগের পর ১৯ জন বাংলাদেশিকে বৃহস্পতিবার দুপুরে দেশে আনা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে স্বজনরা তাদের নিতে পূর্ব থেকেই অপেক্ষা করছিলেন। মেডিক্যাল টেস্টসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রত্যাবর্তনকারীদের তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়।’
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, ‘হস্তান্তর হওয়া এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ তাদের আটক করে। পরে সেখানকার বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করেছেন।’
প্রবেশের পূর্বে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে করোনার উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.