
অনলাইন ডেস্ক:
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে বাহেরচরে মুজিবর্ষের প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের ঘরগুলো ধসে পড়ছে। দেয়ালে দেয়ালে বড় বড় ফাটল দেখা ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও এসব ঘরের চারপাশে পানি জমে থাকা সহ নানান অব্যবস্থাপনা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘর নির্মাণ শেষ হতে না হতেই সেগুলো ভেঙ্গে পড়ায় নির্মাণে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১৫২টি ঘর নির্মাণ করা হয়। এরমধ্যে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪২টি ঘর নির্মাণ করা হয়। এরমধ্যে বাহেরচর গ্রামের ১৬টি ঘরের বেশিরভাগই ভেঙ্গে গেছে।
জানা গেছে, সরকারি বরাদ্দের পুরো টাকা দিয়ে কাজ না করা এবং উপজেলা প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় ঐ ইউনিয়নে আশ্রয়নের ঘর নির্মাণে অনিয়মের ঘটনা ঘটেছে।
মূলত উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধায়নের কথা থাকলেও ইউনিয়ন চেয়ারম্যান ঘরগুলো নির্মাণ করেছেন।
ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, ঘর বরাদ্দ বা নির্মাণের ক্ষেত্রে আমার কোন হাত নেই। আমি একজন জনপ্রতিনিধি মাত্র। মূলত চেয়ারম্যান নির্বাচনে আমার বিরুদ্ধে গিয়ে মনোনয়ন চাইছেন এমন গুটি কয়েক দলীয় নেতা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এস২৪নিউজ/আখতার