
অনলাইন ডেস্ক:
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবক মারা গেছেন।
তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪০ মিনিটে মারা যান নাহিদ।
গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী নিশ্চিত করেছেন।
এদিকে নাহিদের বাবা নাদিম হোসেন জানান, তাদের বাড়ি কামরাঙ্গীরচর দেওয়ানবাড়ী এলাকায়। এ্লিফেন্ট রোডের বাটা সিগনালে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করতে নাহিদ। সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয়ে কাজে যান তিনি। এরপর দুপুর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। বিকালে ফেসবুকের মাধ্যমে তার আহত হওয়ার ছবি দেখতে পান তারা। এরপর তাকে হাসপাতালের বিছানায় খুঁজে পাওয়া যায়।
তিনি আরও জানান, নাহিদ ৬ মাস আগে বিয়ে করেছে। তার স্ত্রীর নাম ডালিয়া। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিল নাহিদ।
আজ দুপুরে সংঘর্ষের এই ঘটনায় মোরসালিন (২৬) নামে আরও এক যুবক লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিউ সুপার মার্কেটে কাপড়ের দোকানের কর্মচারী তিনি। সংঘর্ষের সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।
এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোরসালিনসহ ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কানন চৌধুরী (২৩) ও দোকান কর্মচারী ইয়াসিন (১৭)। তাদেরও মাথায় আঘাত, অবস্থা গুরুতর বলে জানা গেছে। সূত্র: ঢাকা প্রকাশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.