
অনলাইন ডেস্ক:
মানুষের আগামী বহু বছর ধরে প্রতি বছর কোভিডের টিকা নেওয়ার প্রয়োজন হতে পারে বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন ফাইজারের প্রধান।
ঐ সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন, ‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেওয়ার প্রয়োজন হবে। ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাত্কার দেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার আগে।
তিনি এই সাক্ষাত্কার দেওয়ার আগেই ব্রিটেন ২০২২ এবং ২০২৩ সালের জন্য অতিরিক্ত ১১ কোটি ৪০ লাখ কোভিড টিকা কেনার চুক্তি করেছে, যার মধ্যে পাঁচ কোটি ৪০ লাখ টিকা ব্রিটেন কিনবে ফাইজার থেকে, আর বাকি ছয় কোটি মডার্না থেকে।
ড. বুর্লা বলেন, করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট যেটিও প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল এবং ডেল্টা ভ্যারিয়েন্ট, যা প্রথম ধরা পড়ে ভারতে, সেগুলো মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। যদিও তিনি বলেছেন, ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোন বদল ঘটাতে হয়নি। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ এখন তারা করছেন এবং আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে।
তিনি বলেন, মানুষকে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেবার জন্য বিশ্ব জুড়ে একটা প্রতিযোগিতা চলছে। টিকা দেওয়ার পরেও মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, উচ্চ মাত্রায় প্রতিরোধ গড়ার জন্য বর্তমানে প্রচলিত কোর্স যথেষ্ট বলে মনে হচ্ছে না। তাই প্রতি বছর টিকা দেয়ার প্রয়োজন হলে অবাক হবার কিছু থাকবে না। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.