
নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন এক ভারতীয় নাগরিকসহ দুইজন। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার সরকারপাড়ার সেলিম রেজা ও দশরশিয়া গ্রামের সুমন আলী।
আহতরা হলেন ভারতীয় নাগরিক লালবর ও সাদেকুল। তারা দুজন রাজশাহী মেডিকেল কেলজ হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জে পাকা ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য দুরুল হোদাসহ স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফের চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম ও সুমন। আহত লালবর ও সাদেকুলকে তাদের সহযোগীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার কথা শুনেছেন তারা। তবে নিহতদের পরিবার থেকে বিজিবির কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।