
অনলাইন ডেস্ক:
আজ সোমবার (২২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় ফজর নামাজরত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। সদর উপজেলা শহরের পৌর এলাকার কুমারশীলমোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব সুলায়মান (৫৮) ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে-----------রাজেউন)।
তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।
মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় তিনি শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান। পরে মুসল্লিদের সাথে ফজর নামাজ জামায়াতের সাথে আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মুসল্লি তাকে একনজর দেখার জন্য মদিনা মসজিদ এলাকায় ভিড় জমান। বাদ জোহর টেংকেরপাড় ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত শহরের মেড্ডাস্থ তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.