ভোটকেন্দ্রে গিয়ে মার খেলেন হিরো আলম

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেরর সামনে এ ঘটনা ঘটে।

হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, “আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বনানী কেন্দ্রে এলে কয়েকজন আমার ওপর হামলা চালায়।”

হামলার বিষয়ে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শরীফ খুরশীদ আলম বলেন, “ঘটনার সময় আমি ভোটকেন্দ্রের ভেতরে ছিলাম। হিরো আলমের ওপর কারা হামলা করেছে তা আমি দেখিনি।”

এর আগে সোমবার সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার এজেন্টদের হয়রানির অভিযোগ করেন হিরো আলম।

এদিকে সোমবার বিকেল ৪টায় শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এ আসনে ব্যালটের মাধ্যমে ভোট দেন ভোটাররা। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে কমিশন।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত ইউটিউবার মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply