
অনলাইন ডেস্ক:
যশোরের অভয়নগরে লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
শুক্রবার বিকেলে পৌনে ৫টায় উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক, পাঁচ বছরের শিশু ও দুই যাত্রী রয়েছেন। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় মেলেনি।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। তখন খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় সামনে পড়ে যায় প্রাইভেটকারটি। তখন ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। এতে প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচ বছরের এক শিশুকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যান। তবে পথিমধ্যে ওই শিশুটির মৃত্যু হয়।
তিনি আরো জানান, আশঙ্কাজনক অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পথি মধ্যে আরো এক পুরুষের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার শিকার সবাই নড়াইল বা রূপগঞ্জের বাসিন্দা হতে পারেন। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.