
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয়জন প্রাণ হারিয়েছেন। নতুন করে ২৪৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। সঙ্গে বেড়েছে সুস্থতা। সোমবার বিভাগে সাতজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ১০০ জন। এ মাসের গেল ১৭ দিনে বিভাগের আট জেলায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মৃতদের মধ্যে গাইবান্ধায় দুইজন, পঞ্চগড়ের দুইজন, রংপুরের একজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ৫১ জন, ঠাকুরগাঁওয়ের ৫০ জন, দিনাজপুরের ৩৩ জন, পঞ্চগড়ের ৩৩ জন, নীলফামারীর ২৮ জন, কুড়িগ্রামের ২৫ জন, গাইবান্ধার ১৫ জন ও লালমনিরহাট জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭১ শতাংশ।
এ নিয়ে রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১৭ জনে। এর মধ্যে দিনাজপুরে ৩১০ জন, রংপুরে ২৬২ জন, ঠাকুরগাঁওয়ে ২২১ জন, নীলফামারীতে ৭৮ জন, পঞ্চগড়ে ৬৮ জন, কুড়িগ্রামে ৬১ জন, গাইবান্ধায় ৫৯ জন ও লালমনিরহাটে ৫৮ জন রয়েছেন।
এ পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ লাখ ৪১ হাজার ১৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৫০ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা ৪২ হাজার ২৫৪ জন।
বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এ ছাড়া সীমান্তঘেঁষা জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু। প্রতিদিন বিভাগে করোনার উপসর্গ নিয়ে অন্তত ৭-৮ জনের মৃত্যু হচ্ছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবে ধরছে না স্বাস্থ্য বিভাগ। ঢাকাপোষ্ট
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.