
স্টাফ রিপোর্টার (রংপুর):
কয়েক দিনের টানা ভারি বর্ষণ ও উজানের পানির ঢলে রংপুর অঞ্চলে প্রায় পাঁচ হাজার ৪০৯ হেক্টর জমির রোপা আমন তলিয়ে গেছে। দফায় দফায় ভারি বর্ষণ ও নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।
রংপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, অতি বৃষ্টির কারণে রংপুর অঞ্চলের পাঁচ হাজার ৪০৯ হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে রংপুরে ১৪০ হেক্টর, কুড়িগ্রামে চার হাজার ৬১৯ হেক্টর, গাইবান্ধায় ২৯০ হেক্টর এবং লালমনিরহাট জেলায় ৩৬০ হেক্টর জমি তলিয়ে গেছে। তবে নীলফামারীতে ফসল ক্ষতিগ্রস্তের কোনো তথ্য নেই।
কৃষকরা বলছেন, টানা বৃষ্টিতে ইতিমধ্যে অর্ধেক আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি এভাবে অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। আরও কয়েকদিন চলতে থাকলে পুরোটাই নষ্ট হয়ে যাওয়াসহ বাকি জমির ফসলও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে হঠাৎ টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানের পানির ঢলে এই অঞ্চলের ডুবে গেছে মাসকালাই ২৭২ হেক্টর, চিনাবাদাম ৫৪ হেক্টর এবং ২১৩ হেক্টর শাকসবজি।
গঙ্গাচড়ার কয়েকজন কৃষক জানান, পুঁইশাক, করলা, শিম, বরবটির আবাদ করতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। সবে ক্ষেত থেকে ফসল তুলে বাজারে বিক্রি করতে শুরু করেছেন, এরই মধ্যে টানা বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে গেছে।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড. সারওয়ারুল হক জানান, তারা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং নানাভাবে পরামর্শ দিচ্ছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.