
অনলাইন ডেস্ক:
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রবিবার সাত দিনের রিমান্ড শেষে সাহেদকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদকে সাত দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজির করতে নির্দেশ দেন। এদিন সাত দিনের রিমান্ডের চারদিন শেষে তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় বিচারক তাকে সাত দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজিরের নির্দেশ দেন।
গত ১০ আগস্ট সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৃহস্পতিবার তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। তবে বিচারক রিমান্ডের সাত দিন মেয়াদ শেষ হওয়ার পর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। সূত্র: ইত্তফাক অনলাইন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.