
অনলাইন ডেস্ক:
বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃতের সংখ্যাও। ৯১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় রাজশাহী জেলার সব এলাকা এখন রেড জোনে। তবে এখনো লকডাউনের মতো কোনো সিদ্ধান্ত আসেনি।
শুক্রবার দুপুরে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে জনসংখ্যা ৩০ লাখ। আর আক্রান্তের সংখ্যা ৯১০ জন। জোন ঘোষণার শর্ত অনুযায়ী জেলা ও মহানগরের সব এলাকা এখন রেড জোন। কিন্তু লকডাউনের শর্ত ভিন্ন। যার কারণে লকডাউন ঘোষণা করা সম্ভব হচ্ছে না।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯১০ জন হলো। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছেন ৬৫০ জন।
এছাড়া জেলার বাঘা উপজেলায় ২০, চারঘাটে ২৮, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১২, বাগমারায় ৩১, মোহনপুরে ৪১, তানোরে ৩৭, পবায় ৬৭ ও গোদাগাড়ীতে ১০ জন রয়েছেন।
রাজশাহীতে এ পর্যন্ত মারা গেছেন নয়জন। এর মধ্যে রাজশাহী মহানগরীতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এর বাইরে বাঘা, চারঘাট, পবা ও মোহনপুরে একজন করে মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই করোনা রোগীর তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের এ হিসাবে নেই। তাদের ধরলে রাজশাহীতে এখন মৃতের সংখ্যা ১১।
রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪০ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ৭৬১ জন। এর মধ্যে মহানগরীতেই চিকিৎসাধীন ৫৯০ জন। গ্রামের চেয়ে শহরে সংক্রমণের হার অনেক বেশি।
সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে ল্যাব চালুর পর প্রথমে উপজেলাগুলোকে গুরুত্ব দিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই তুলনায় শহরের নমুনার পরীক্ষা হয়েছে কম। তখনই করোনা শহরে বিস্তার লাভ করেছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.