
অনলাইন ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমায় দুই বাসের ভয়াবহ সংঘর্ষে একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষকসহ আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।
শুক্রবার সকাল ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রশীদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের বাসচালক ওসমানীনগর উপজেলার বরখা গ্রামের মঞ্জুর আলী, হেলপার একই গ্রামের জাহাঙ্গীর হোসেন, সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিঠাভরা গ্রামের সালমান খান, বি বাড়িয়ার সরাইল থানার রাজানিয়াকান্দি পশ্চিম পাড়ার নুরুল আমিন, ঢাকার ওয়ারি এলাকার নাদিম আহমদ সাগর, সিলেট নগরের আখালিয়া নতুন বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে শাহ কামাল ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বাংলাবাজার এলাকার রাহিমা বেগম।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলছে, নিহতদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। যিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
এনা পরিবহনের স্টাফ জায়েদ আহমদ জানান, সংঘর্ষে এনা পরিবহনের চালক, সুপারভাইজার ও একজন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল নেয়ার পর আরো চারজন মারা যান।
ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল জানান, হাসপাতালে আনার পথে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো দুজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ২০ জনকে ভর্তি করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.