
নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে কুপিয়ে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নির্মল নামে এক ব্যক্তি। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নির্মলের স্ত্রী জলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি। নির্মল ছাড়া চারজনই চা বাগানের শ্রমিক। পারিবারিক কলহের জের ধরে নির্মল চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রতিবেশীরা জানান, রোববার ভোরে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে তিনি দৌড়ে অন্য ঘরে তার মা-বাবার কাছে চলে যান। তখন নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দুইজনকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। পরে চারজনের মৃত্যু নিশ্চিত হলে নির্মল নিজ ঘরে গিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বড়লেখা থানার এএসআই রোকসানা বেগম জানান, অভিযুক্ত খুনি নির্মল মাদকাসক্ত ছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
চা বাগানের একজন কর্মকর্তা জানান, নির্মলের বাড়ি এই এলাকায় নয়। বছরখানেক আগে ডলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকছিলেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.