
নিউজ ডেস্ক:
জামালপুরে করোনাভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে ৫ বখাটে। এ ঘটনায় করা মামলায় এক ধর্ষককে গ্রেফতার করছে সদর থানার পুলিশ।
রবিবার (২৯মার্চ) রাত ৩টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চর জালিয়াপাড়াগ্রামে এই ঘটনাটি ঘটে। সোমবার ধর্ষণের শিকার ওই কিশোরীর (১৪) ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা জানান, ওইদিন প্রথমে পুলিশ পরিচয়ে ৫ যুবক করোনাভাইরাসের তথ্য সংগ্রহের কথা বলে বাড়িতে প্রবেশ করে। সবাইকে মারধর করে তার মেয়েকে তুলে নিয়ে যায় একই গ্রামের মিজান, পুষনসহ পাঁচজন যুবক। পরে ঝিনাই নদীর পাড়ে এক জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে। পরে রবিবার সকালে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। ওই দিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জামালপুর সদর থানার ওসি সালেমুজ্জামান বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে পুষন ও মিজানসহ অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এদের মধ্যে মিজান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.