
অনলাইন ডেস্ক:
রাজশাহীতে ধর্ষণ মামলায় রেলওয়ের এক স্টেশন মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মঈন উদ্দিন আজাদ। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ট্রেনে যাতায়াতের সূত্রে পরিচয়ের পর থেকে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে ওই নারীর ফেসবুক মেসেঞ্জারে কথা হত। আজাদ ওই নারীকে রেলওয়েতে চাকরিও দিতে চেয়েছিলেন। এজন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে বলে জানান। তিনি অগ্রিম দুই লাখ টাকাও নিয়েছিলেন।
এজাহারে বলা হয়, রেলওয়েতে চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার কথ বলে গত ১৭ জানুয়ারি ওই নারীকে বাসায় ডাকেন মঈন উদ্দিন আজাদ। ওই নারী সরল বিশ্বাসে তার বাসায় গিয়ে দেখেন, সেখানে কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন। রেল কর্মকর্তা ধর্ষণের ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকি দেন। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি বোয়ালিয়া থানায় মামলা করেন ওই নারী। মামলার পর থেকে মঈন উদ্দিন আজাদ পলাতক ছিলেন।
এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র গোলার রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক স্টেশনমাস্টার মঈন উদ্দিন আজাদকে গ্রেফতার করা হয়। নাটোর থেকে বোয়ালিয়া থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.