
অনলাইন ডেস্ক:
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনের খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ অর্ধশত ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ নভেম্বর) শেরপুরের ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আক্রান্তদের শেরপুর জেলা সদর, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতিবান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরসহ গ্রামবাসীরা জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফ উদ্দিন ইসলাম দোলন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে গ্রামবাসীদের নিয়ে তার বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মত বিনিময় শেষে উপস্থিত লোকজনের মধ্যে তার বাড়িতে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। এসব খিচুড়ি খেয়ে রাতেই ডায়রিয়ায় আক্রান্ত হয় অনেকই। বিষয়টি সাধারণ ভেবে গ্রাম্য চিকিৎসা করায়। পরে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১০ জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শুক্রবার (১২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিক্যাল টিম ঘটনাস্থলে এসে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত আরএমও ডা. শেখ মোহাম্মদ মনিরুজ্জান বলেন, নারী ও শিশুসহ ৩৫ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫টি বেড আলাদাভাবে প্রস্তুত রাখা হয়েছে। রাতেই আরও ৯জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার