
নিউজ ডেস্ক:
করোনা সংক্রমন নিয়ে সরকারি প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে আঞ্চলিক পত্রিকার দুই ফটোসাংবাদিককে পেটানোর ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর দপদপিয়া সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মোশারফ হোসেনের সামনে দুইজন ফটো সাংবাদিককে বেধড়ক লাঠিপেঠা করে পুলিশের একাধিক সদস্যরা। আহত সংবাদকর্মীরা একাধিকবার তাদের আইডিকার্ড ও সাথে ক্যামেরা দেখালেও নিস্তার মেলেনি পুলিশের লাঠিপেটা থেকে। আহতরা হলেন, বরিশালের আঞ্চলিক পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও নাছির উদ্দিন।
হামলার শিকার রাতুল জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন গত শুক্রবার সন্ধ্যায় জনসচেতনতামূলক প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় এলাকায় যান। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছার পর মাস্ক পরিহিত একজন পুলিশ সদস্য তাদের পরিচয় জানতে চান। তারা নিজেদের আঞ্চলিক দুটি দৈনিকের ফটো সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরপর ওই পুলিশ সদস্য তাদের বেদম লাঠিপেটা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, তার সঙ্গে পুলিশ ছিল। কিন্তু তিনি কাউকে পেটাতে নির্দেশ দেননি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.