
নিউজ ডেস্ক:
কুষ্টিয়ার শহরতলী উদিবাড়িতে এক শিশুর সুন্নতে খৎনা করতে গিয়ে তার লিঙ্গ কেটে ফেলার অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ।
বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার আব্দুল আজিজ খলিফার ছেলে।
গুরুতর আহত সাদিক উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাবার নাম আকতার হোসেন।
হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ওহিদুল আলম জানান, সাদিকের লিঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।
সাদিকের বাবা আকতার হোসেন বলেন, বৃহষ্পতিবার সকাল ৯টায় ছেলের খৎনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। নিয়মে অনুযায়ী খৎনা করতে গিয়ে পর পর দুইবার ক্ষুর চালিয়ে লিঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি যখন খুব খারাপের দিকে যায় তখন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান লিঙ্গ কেটে ফেলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, খাৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কেটে ফেলানোর অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.