সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৬ জন নিহত

নিউজ ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় ট্রাক-সিএনজি মুখমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা পার-হাউজ যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামের মেজবাউল আলম মাসুমের বোন মাহমুদা আক্তার জেমমিনের আগামী শুক্রবার বিয়ে। এদিকে স্ত্রী রুনা ও ৭ মাসের শিশু ছেলে ইব্রাহীম হোসেন রুজদীকে রেখে কিভাবে বোনের বিয়ে দিবে এ মর্মে পরিবাররের সম্মতিতে মেজবাউল আলম মাসুম তার মা মাহমুদা বেগমকে সাথে নিয়ে প্রতিবেশি চাচাত ভাই জালাল উদ্দিনের সিএনজি নিয়ে ঝিনাইদহে তাদের আনতে যায়। তারা দুপুরের খাবার শেষে শাশুড়ী গিনি বেগমকে সাথে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনাও হয়। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়মারা পারহাউজ যাত্রী ছাউনির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক জালাল উদ্দিন ও রুনা বেগম মারা যায়। এসময় রুনা বেগমের স্বামী মেজবাউল আলম মাসুম, ছেলে ইব্রাহীম হোসেন রুজবী, মা মাহমুদা বেগম, শাশুড়ি গিনি বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীম হোসেন সবাইকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে আহত মাহমুদা বেগম ও গিনি বেগমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখারকার কর্তব্যরত ডাক্তার ও তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভেড়ামারা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।