স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নৌকায় উঠে সেলফি তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুবর্ণা খাতুন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর বনগা এলাকার ‘বড়পুকুর’ নামক জলাশয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা ওই গ্রামের বকুল মিয়ার মেয়ে এবং স্থানীয় জোড়গাছ দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুবর্ণা তার এক নিকটাত্মীয়সহ আরও তিনজনের সাথে নৌকায় করে বড়পুকুরে ঘুরতে বের হয়। নৌকাটি মাঝপুকুরে পৌঁছালে সুবর্ণা মোবাইল ফোনে সেলফি তোলা ও ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়ে। একপর্যায়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। নৌকায় থাকা অন্যরা এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
খবর পেয়ে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। চারজন ডুবুরির একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে সুবর্ণার নিথর দেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মশিউর রহমান।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার