নিউজ ডেস্ক:
জ্বরে আক্রান্ত এক নারী চিকিৎসার জন্য অর্জুন লাল নামের কবিরাজের দ্বারস্থ হন। ঝাড়ফুঁকের চিকিৎসা করতে ওই নারী রোগীকে ঘরে ঢুকান কবিরাজ। এরপরই ভয়ংকর রূপে আবির্ভূত হন তিনি। পরে এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলায় কবিরাজকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে লালমনিরহাটের পৌরসভার উত্তর সাপটানা এলাকায় এ ঘটনা ঘটে। অর্জুন ওই এলাকার ফুল চাঁন রবিদাসের ছেলে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর হাসপাতালের সামনের ফুটপাতে জুতা সেলাই করেন অর্জুন। পাশাপাশি এলাকায় কবিরাজি করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, জ্বরের চিকিৎসা নিতে কবিরাজ অর্জুন লালের বাড়িতে যান তিনি। এ সময় ঝাড়ফুঁক দিতে তাকে শয়নকক্ষে নেন অর্জুন। এরপরই তার কাপড় খুলে সম্ভ্রম লুটের চেষ্টা চালান কবিরাজ। কিন্তু কবিরাজকে ধাক্কা মেরে ঘরের বাইরে আসতে সক্ষম হন ওই নারী রোগী। পরে পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করেন তিনি।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, শনিবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় কবিরাজকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।