
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
সকাল সাড়ে ৮টায় মিঠাপুকুর মহাবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং রোভার স্কাউটদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী, রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ এনামুল হক ও মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান।
কুচকাওয়াজ শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা এবং তাঁদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার