
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী বলেছেন, দৈনিক করতোয়া এমন একটি পত্রিকা যাকে পরিচয় করে দিতে হয় না। দৈনিক করতোয়া সৃষ্টি লগ্ন থেকে আপন মহিমায় দেশ ও জনতার মুখপত্র হিসেবে সংবাদ পরিবেশন করে আসছে।
আজ বুধবার দৈনিক করতোয়ার ৫১ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে মিঠাপুকুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি গোলাম রব্বানী এমপি আরও বলেন, প্রায় প্রতিটি জেলা শহর থেকে পত্রিকা বের হয় ঠিকই কিন্তু সকল জেলার পাঠক দৈনিক করতোয়া পড়েন। তিনি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতা অক্ষুণ্ণ রেখে ৫১ বছরে পদার্পন করায় সম্পাদক সহ সকল কর্মী কে ধনবাদ জানিয়ে উত্তর জনপদের সংবাদ বেশি করে প্রকাশের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী বলেন, দৈনিক করতোয়ার রাজনৈতিক পরিচয় নেই। পত্রিকাটি সবার কথা বলে বলেই সকল শ্রেণির পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। ছাত্রকাল থেকে দৈনিক করতোয়া পড়ছি এখনো পড়ি।
তিনি সমস্যা, সম্ভাবনা ও সরকারের গৃহীত জনহিতকর কাজগুলো জন সম্মুখে তুলে ধরার আহবান জানিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন বলেই সাংবাদিকরা মন খুলে লিখতে পারছেন।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মিঠাপুকুর শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর, মিঠাপুকুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, পেশাজীবি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ।
এম২৪নিউজ/আখতার