
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে সাম্প্রতিক টানা বৃষ্টির পর বাড়ির উঠানে জমে থাকা পানিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার লতিবপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, সম্প্রতি টানা ভারী বর্ষণের ফলে হাবিবুর রহমানের বাড়ির উঠানে পানি জমে যায়। গত রবিবার রাত ৯টার দিকে তিনি ওই জমা পানিতে মাছ ধরতে যান। এ সময় পানির নিচে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। কিছুক্ষণ পরই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লতিবপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে নিয়োজিত উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল হামিদ।
এম২৪নিউজ/আখতার