মিঠাপুকুরে ভেজাল গুড়ের কারখানাকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রাসায়নিক উপাদান ও চিনি দিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মো. মুকুল মিয়াকে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল গুড় ও ক্ষতিকর উৎপাদন সামগ্রী বিনষ্ট করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের ফুলচৌকি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশিক জামান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ফুলচৌকি এলাকার ওই কারখানায় আখের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ অবৈধ উপায়ে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক মুকুল মিয়াকে  ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে কারখানায় থাকা বিপুল পরিমাণ পচা মিষ্টির শিরা, টেক্সটাইল ডাই (কাপড়ের রং), সিদুর, চুনসহ অন্যান্য ক্যানসার সৃষ্টিকারী কেমিক্যাল ও প্রক্রিয়াজাত ভেজাল গুড় ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রংপুর-এর প্রতিনিধি এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply