মিঠাপুকুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শামীম মিয়া (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ওমরসানী (২৮) গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড সংলগ্ন সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শামীম মিয়া উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরহাট হরিহরপুর গ্রামের সাহেব আলীর ছেলে এবং পেশায় তিনি একটি ওষুধ কোম্পানির গাড়িচালক ছিলেন। আহত ওমরসানী একই ইউনিয়নের তাহিয়ারপুর গ্রামের ওহাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ও ওমরসানী মোটরসাইকেল যোগে রংপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সঞ্চিতা ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী তয়েজ এন্টারপ্রাইজ নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী শামীমের মৃত্যু হয় এবং চালক ওমরসানী গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত ওমরসানীকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত ওমরসানীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply